পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদীভাঙন কবলিত এলাকা রক্ষায় অর্থ ব্যয় বড় বিষয় নয়, মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও বসতবাড়ি রক্ষা করা।

শনিবার বিকেল ৪টার দিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর ডান তীর রক্ষা বাঁধের ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান না আগামী বর্ষা মৌসুমে শরীয়তপুরে একটি ঘরও নদীগর্ভে বিলীন হোক। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকেই কাজ শুরু হতে পারে বলেও জানান তিনি।
এদিকে শরীয়তপুর জেলাকে আধুনিক ও উন্নত জেলায় রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী। এর ধারাবাহিকতায় তিনি পদ্মা ও মেঘনা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেন।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই কথা জানান জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


