ভারতের সঙ্গে কোনো ধরনের নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে না বলে মন্তব্য করেছেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশে ভারতকেন্দ্রিক যে প্রভাবশালী শক্তি সক্রিয় রয়েছে, সিভিল কাঠামোয় থাকা আওয়ামী লীগের সেই শক্তির সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।

শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত রাজশাহী মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলতে দেওয়া হবে না। যদি বলা হয় ‘সবার আগে বাংলাদেশ’, তবে সীমান্তে মানুষ কেন নিহত হচ্ছে— সেই প্রশ্নেরও জবাব দিতে হবে।
তিনি রাজশাহীর কৃষি ও আম শিল্পের প্রসঙ্গ তুলে বলেন, রাজশাহীর আম শুধু এ অঞ্চলের সম্পদ নয়, এটি পুরো দেশ ও বিশ্বের সম্পদ। কিন্তু কৃষকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষক যেখানে ২০ টাকায় আম বিক্রি করেন, সেখানে ঢাকায় তা ১০০ টাকায় বিক্রি হয়। এর মাঝখানে একটি সিন্ডিকেট ও দালাল শ্রেণি লাভবান হচ্ছে।
তিনি আরও বলেন, আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজসহ আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাজশাহীকে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার আওতায় আনা প্রয়োজন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, তাঁরা সরকারে থাকুন বা জনগণের পাশে থাকুন— রাজশাহীর মানুষের জন্য কাজ করে যাবেন। যেকোনো সমস্যায় এনসিপি জনগণের পাশে থাকবে।
পানি সংকটের প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহীর মানুষ নদীতে পানির ন্যায্য অধিকার চায়। এ বিষয়ে কোনো আপস করা হবে না। খাল খননের আগে নদীতে পানি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পানির অধিকারের দাবিতে আবারও লং মার্চের মতো আন্দোলন করা হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার জনগণকেই আদায় করতে হবে, এ আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি জনগণের সঙ্গে থাকবে।
রাজশাহীতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থাকলেও কর্মসংস্থানের অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এখানে বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করলেও পড়াশোনা শেষে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সীমিত।
সরকারি বিভিন্ন কার্ড কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, মানুষকে কিছু কার্ড দেওয়া হয়েছে, যা অনেক ক্ষেত্রে কার্যকর নয়। যদি এসব কার্ডে সত্যিই সুফল না আসে, তবে তারা একটি প্রতীকী ‘লাল কার্ড’ তৈরি করে সরকারের কাছে উপস্থাপন করবেন।
তিনি আরও বলেন, তারা লুটপাট বা চাঁদাবাজির রাজনীতি করেন না; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি ঐতিহাসিক ফারাক্কা দিবসের প্রসঙ্গ টেনে বলেন, এই দিনে মাওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিলেন। যারা তাঁর আদর্শের কথা বলেন, তাদের সেই নীতিও ধারণ করা উচিত।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয় এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক গাজী সালাউদ্দিন তানভীর, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



