২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ হারালেন সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতান। প্রথম সোমালি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন এই রেফারি।

জানা গেছে, মিয়ামি বিমানবন্দরে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) তাকে আটকায়। পরে অতিরিক্ত যাচাই-বাছাই শেষে ‘ভেটিং সংক্রান্ত উদ্বেগের’ কারণে তাকে অযোগ্য ঘোষণা করা হয়, যদিও তার বৈধ মার্কিন ভিসা ছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হলে মার্কিন প্রশাসন ও হোয়াইট হাউস তাদের অবস্থান জানায়। তারা দাবি করে, বিশ্বকাপের সব কর্মকর্তা, খেলোয়াড় ও স্টাফদের ক্ষেত্রেই কঠোর নিরাপত্তা যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হয় না।
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের রেফারিদের যুক্তরাষ্ট্রভিত্তিক কেন্দ্রীয় প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে হয়। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতেও দায়িত্ব পালন করতে পারছেন না আরতান।
৩৪ বছর বয়সী এই রেফারি সম্প্রতি আফ্রিকার সেরা পুরুষ রেফারির স্বীকৃতি অর্জন করেছিলেন। তিনি আফ্রিকা কাপ অব নেশনস এবং চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় টুর্নামেন্টেও দায়িত্ব পালন করেছেন। তার বাদ পড়াকে সোমালিয়ার ক্রীড়াঙ্গন ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি ফুটবলে যোগ্যতার স্বীকৃতির প্রশ্ন হিসেবেও দেখছে।
বিশ্বকাপ শুরুর আগেই এই ঘটনা আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের ভিসা ও অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



