অস্কারের ৯৮তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমাটি। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। তবে মনোনয়ন পাওয়া সত্ত্বেও এবারের অস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না তিনি।

অভিনেতা নিজেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তার সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমাটি নির্মিত হয়েছে একটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে। ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই চলচ্চিত্র। সিনেমাতে মোতাজ মালহিস অভিনয় করেছেন এক কল সেন্টার অপারেটরের চরিত্রে, যিনি বিপদের মধ্যে থাকা শিশুটিকে উদ্ধার করতে সাহায্যের চেষ্টা করেন।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে মালহিস লিখেছেন, ফিলিস্তিনি নাগরিক হওয়ায় তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। অস্কারের মতো বড় একটি আয়োজনে অংশ নিতে না পারাটা তার জন্য অত্যন্ত কষ্টের বলেও জানান তিনি।
গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথি ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কয়েকটি দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর অবশ্য এই অভিনেতার ভিসা সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। এদিকে সিনেমাটি তৈরির পেছনে যে ঘটনার অনুপ্রেরণা রয়েছে, সেই ঘটনায় হিন্দ রজবের পরিবারের পাঁচ সদস্য এবং তাকে উদ্ধার করতে যাওয়া দুই অ্যাম্বুলেন্সকর্মীও নিহত হন বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ইসরায়েল।
অভিনেতা মোতাজ মালহিস জানিয়েছেন, সিনেমাটির অন্য ফিলিস্তিনি সহঅভিনেতাদের মধ্যে অনেকেরই এমন নাগরিকত্ব রয়েছে, যার কারণে তারা যুক্তরাষ্ট্রে যেতে পারছেন। কিন্তু তার কাছে কেবল ফিলিস্তিনি পাসপোর্ট থাকায় তিনি অস্কারে যোগ দিতে পারছেন না।
সূত্র: দ্য গার্ডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


