ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ক্ষেত্রে ভোটকেন্দ্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট মোতায়েনের পূর্বের সিদ্ধান্ত বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত সংশোধিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট (ওসিভি ও আইসিপিভি) গণনা কেন্দ্রে বিএনসিসি ক্যাডেটরা শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।
এছাড়া ১১ ফেব্রুয়ারি থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ৫টি সেকশন দায়িত্ব পালন করবে। মোতায়েন সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী— ১. রেজিমেন্ট কমান্ডাররা রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করবেন। ২. নির্বাচনী দায়িত্ব প্রদানের আগে ক্যাডেটদের দক্ষতা, নিরপেক্ষতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হবে। ৩. সর্বোচ্চ ৩টি নির্বাচনী এলাকার জন্য ১টি সেকশন (১ জন কর্পোরাল ও ১০ জন ক্যাডেট) হারে ৩০০টি নির্বাচনী এলাকার জন্য ১২৩ সেকশন মোতায়েন করা হবে। ৪. রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোতায়েনকৃত ক্যাডেটরা ভোটগ্রহণের আগের দিন থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত, এবং কমিশন সচিবালয়ে ভোটগ্রহণের আগের দিন থেকে চূড়ান্ত বেসামরিক ফলাফল প্রকাশ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ৫. মোতায়েনকৃত ক্যাডেটরা কোনো রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, গণভোটের পক্ষে বা বিপক্ষে কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
৬. নির্বাচনী দায়িত্বপালনের জন্য ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হবে। রেজিমেন্ট কমান্ডাররা রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা বা উপজেলা নির্বাচন অফিসারের সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুত ও কার্যক্রম সম্পন্ন করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


