বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হলে ফলাফল মেনে নিতে তাদের কোনো আপত্তি নেই। তবে ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফল মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তিনি। পরে গুলশানে তাঁর কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তারেক রহমান বলেন, ‘নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয় এবং বিতর্কহীন হয়, তাহলে ফলাফল মেনে না নেওয়ার কোনো কারণ নেই। সব দলই তা মেনে নেবে। তবে নির্বাচন অবশ্যই শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হতে হবে। ভোট নিয়ে কোনো বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে নেওয়া যাবে না।’
তিনি বলেন, দেশের মালিক সাধারণ জনগণ। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করলে এবং ভোটারের উপস্থিতি বাড়লে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।
সারাদেশে বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদের সম্পর্কে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে। তাঁর ভাষ্য, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভোটের ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ফল গণনায় দেরির কোনো কারণ নেই। মানুষ দ্রুত ফল জানতে চায়। নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ঢাকায় ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


