সরকার গঠনের মাস না পেরোতেই বাড়ানো হয়েছে ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম। আগে যে পানি লিটার প্রতি ভ্যাটসহ গ্রাহক কিনতেন ৮০ পয়সায় এখন সেই পানি প্রতি লিটারে ২০ পয়সা বেড়ে ১০০ পয়সা অর্থাৎ এক টাকা দরে কিনতে হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে গ্রাহকরা। এছাড়াও ওয়াসার এটিএম বুথে পানি কিনতে এসেও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

গ্রাহকদের প্রতিক্রিয়া
রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, পানির দাম বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকরা চরম অসন্তোষ প্রকাশ করছেন। গ্রাহকদের অভিযোগ, সরকার পরিবর্তনের পর মানুষের কষ্ট লাঘব হবে— এমন প্রত্যাশা থাকলেও উল্টো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হচ্ছে।
ওয়াসার পানির এটিএম বুথ ঘুরে গ্রাহকদের সঙ্গে কথা বলে দেখা যায়, পানি কিনতে আসা কমবেশি সবাই পানির দাম বৃদ্ধির বিষয়ে অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন, সরকারের উচিত ছিল ৮০ পয়সার পানি ৫০ পয়সা করা। কারণ এর আগে হুট করে ৪০ পয়সার পানি ৮০ পয়সা হয়ে গিয়েছিল।
পুরান ঢাকার কলতাবাজার অবস্থিত ওয়াসার পানির এটিএম বুথ থেকে পানি নিতে আসা তাসফিয়া তামান্না নামের একজন গ্রাহক বাংলা ট্রিবিউনকে বলেন, “যেই জিনিসটার দাম একবার বাড়ে তা বাড়তেই থাকে। তার দাম কমার কোনও লক্ষণ থাকে না। পানি মানুষের দৈনন্দিন জীবনে অতি জরুরি একটা জিনিস। সেই জিনিসটাল হুট করে দাম বাড়ানো হলো।”
তিনি আরও বলেন, “ওয়াসার লাইনের পানি তো একেবারেই খাওয়ার অনুপযোগী। সেই ময়লা পানি দিয়ে দৈনন্দিন ধোঁয়া মোছা এবং ওয়াস রুমের কাজে লাগে। কিন্তু বুথের পানি খাওয়া থেকে শুরু করে রান্নাবান্নাসহ প্রয়োজনীয় সব কিছুতেই ব্যবহার করা হয়। এখন তার দামও বেড়ে গেলো। অনেকে হয়তো ভাববে ২০ পয়সা এ আর এমন কি! কিন্তু আমাদের যাদের দৈনিক ২৫-৩০ লিটার পানি প্রয়োজন হয় তাদের জন্য তা চাপ হয়ে যাবে।”
ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা
পুরান ঢাকার লক্ষ্মী বাজার এলাকায় ওয়াসার বুথ থেকে পানি সংগ্রহ করতে আসা রিয়াজ উদ্দিন নামের একজন গ্রাহক বলেন, “সরকার বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, ভর্তুকি দিচ্ছে। আর খাবার পানিতে সরকার কোনও ভর্তুকি দিচ্ছে না। সরকারের উচিত নিম্ন-আয়ের মানুষের কষ্ট কমাতে পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ভর্তুকি দেওয়া।”
ওয়াসার ব্যাখ্যা
ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ানোর বিষয়ে ওয়াসার কর্মকর্তারা বলছেন, ওয়াসার এটিএম বুথ পরিচালনাসহ অভ্যন্তরীণ খরচ বৃদ্ধিৎ এবং বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে পানির দাম বাড়িয়েছে ওয়াসা। যদিও একই কথা বলে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম ৪০ পয়সা লিটার থেকে এক লাফে ৮০ পয়সা বৃদ্ধি করা হয়েছিল।
পানির দাম বৃদ্ধির বিষয়ে ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা মো. ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, “ওয়াসার এটিএম বুথ পরিচালনা ব্যয় বেড়েছে। বিশেষ করে পানিতে যে কেমিক্যাল ও ফিল্টার ব্যবহার করা হয় এগুলোর দাম বেড়েছে। এছাড়াও ম্যানটেইনেন্ট কস্ট বেড়েছে। এ কারণে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পানির দাম বাড়ানো হয়েছে।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা (এনজিও) ড্রিংকওয়েল বর্তমানে রাজধানীতে ৩০২টি ওয়াটার এটিএম বুথ স্থাপন করেছে। ব্যাংকের এটিএম কার্ডের মতো একটি আরএফআইডি কার্ড মেশিনে নির্দিষ্ট স্থানে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে নিরাপদ খাবার পানি। নিয়মানুযায়ী কার্ডে ১০ টাকা থেকে ৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পানি সংগ্রহ করা যায়। এই সেবা পেতে পানির এটিএম বুথের গ্রাহক সংখ্যা দিন দিন বাড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


