জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী আবারও সমালোচনার সুরে কথা বলেছেন পরিচালক আদিত্য ধর-এর চলচ্চিত্র ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে। তার নতুন ভিডিওতে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমাটির বিভিন্ন দিক নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন। ‘ধুরন্ধর টু এক্সপোজড’ শিরোনামের ভিডিওতে ধ্রুব দাবি করেন, ছবিটি বাস্তব ঘটনার নামে দর্শকদের বিভ্রান্ত করছে।

তিনি বলেন, সিনেমাটিকে ‘বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত’ বলা হলেও এটি আসলে এমন একটি গল্প, যা তিনি ব্যঙ্গ করে ‘হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড থেকে তৈরি’ বলে উল্লেখ করেন।
সিনেমার শুরুতে থাকা ডিসক্লেইমার নিয়েও প্রশ্ন তোলেন ধ্রুব। তার মতে, এটি নির্মাতাদের এক ধরনের কৌশল, যার মাধ্যমে তারা সত্য ও কল্পনার মিশ্রণ ঘটিয়ে নিজেদের দায় এড়িয়ে যেতে চান। তিনি আরও বলেন, যদি সত্যিই এমন কিছু বলা হতো যে গল্পটি হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড থেকে অনুপ্রাণিত, তবে তা বেশি যথার্থ হতো।
বিশেষ করে নোটবন্দির বিষয়টি যেভাবে চলচ্চিত্রে উপস্থাপন করা হয়েছে, তা নিয়েও আপত্তি জানান তিনি। ধ্রুবর দাবি, সিনেমায় এটিকে সাফল্য হিসেবে দেখানো হলেও বাস্তবে সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হন। এ সময় এটিএমের লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনাগুলোর কথাও তিনি তুলে ধরেন।
এছাড়া তিনি প্রশ্ন তোলেন, কোনো চলচ্চিত্রে যদি একটি রাজনৈতিক দলকে ‘দেশবিরোধী’ হিসেবে দেখানো হয় এবং সেখানে সত্য ও কল্পনার মিশ্রণ থাকে, তবে তা কতটা গ্রহণযোগ্য। এ বিষয়ে তিনি ভারতের নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, ‘ধুরন্ধর’ একটি গুপ্তচরভিত্তিক থ্রিলার চলচ্চিত্র, যেখানে পাকিস্তানের ভেতরে কাজ করা এক ভারতীয় গুপ্তচরের কাহিনি তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্ত। সিনেমাটির সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ রণবীর সিংয়ের চরিত্র হামজা আলি মাজারির উত্থান এবং তার অতীত জীবনের গল্প তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই ছবিটি বিশ্বব্যাপী হাজার কোটিরও বেশি আয় করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


