২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের জন্য পুরস্কার অর্থ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দেশের ফুটবল সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ফিফা। এই প্রস্তাবটি মঙ্গলবার ফিফা কাউন্সিলের বৈঠকে অনুমোদনের জন্য তোলা হবে, যা কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠেয় ৭৬তম ফিফা কংগ্রেসের আগে অনুষ্ঠিত হচ্ছে।

গত ডিসেম্বর ফিফা জানায়, এবারের বিশ্বকাপে মোট পুরস্কার অর্থ আগের আসরের তুলনায় ৫০ শতাংশ বাড়িয়ে ৬৫৫ মিলিয়ন ডলার করা হয়েছে। একই সঙ্গে টুর্নামেন্টের জন্য রেকর্ড ৭২৭ মিলিয়ন ডলারের আর্থিক অবদান নিশ্চিত করা হয়েছিল।
তবে ফিফা রয়টার্সকে জানিয়েছে, এই অর্থ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত চার বছরের চক্রে সংস্থাটির আয় ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ফিফার এক মুখপাত্র বলেন, ‘বিশ্বজুড়ে সদস্য সংস্থাগুলোর সঙ্গে আয় বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর প্রস্তাব এবং ২১১টি সদস্য দেশের উন্নয়ন তহবিল বাড়ানোর বিষয়ও রয়েছে।’
তিনি আরও বলেন, ‘২০২৬ বিশ্বকাপ বিশ্ব ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিক অবদানের দিক থেকে যুগান্তকারী হবে। ফিফা বর্তমানে তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আর্থিক অবস্থানে রয়েছে, যা ‘ফিফা ফরওয়ার্ড’ কর্মসূচির মাধ্যমে বিশ্ব ফুটবলের উন্নয়নে কাজে লাগানো হবে।’
উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপের জন্য ফিফার প্রাথমিক অর্থায়নের সবচেয়ে বড় অংশ—৬৫৫ মিলিয়ন ডলার—দেওয়া হবে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পারফরম্যান্সের ভিত্তিতে।
ডিসেম্বরের ঘোষণায় বলা হয়েছিল, চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার এবং রানার্স-আপ পাবে ৩৩ মিলিয়ন ডলার। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ১৬টি দল পাবে ৯ মিলিয়ন ডলার করে।
এছাড়া প্রতিটি যোগ্যতা অর্জনকারী দল প্রস্তুতি খরচ বাবদ অতিরিক্ত ১.৫ মিলিয়ন ডলার পাবে।
ফিফার ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত বছর অনুষ্ঠিত প্রথম ৩২ দলীয় ক্লাব বিশ্বকাপের সাফল্যের কারণে ২০২৫ সালের শেষ নাগাদ সংস্থার মোট নির্ধারিত আয়ের ৯৩ শতাংশ আগেই নিশ্চিত হয়ে গেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
২০২৬ সালের বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


