আবির হোসেন সজল : জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ সংক্রান্ত ভাইভা পরীক্ষায় লিখিত পরীক্ষার সঙ্গে অসামঞ্জস্য পাওয়ায় তিন পরীক্ষার্থীকে অধিকতর তদন্তের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে ৩টি ক্যাটাগরির মোট ৩৭টি পদের (অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী ও নৈশ প্রহরী) বিপরীতে ১১৬ জন প্রার্থীর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভাইভা চলাকালে তিনজন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে মৌখিক পরীক্ষার পারফরম্যান্সে স্পষ্ট অমিল লক্ষ্য করা যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ভাইভা বোর্ডের সভাপতি জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের নির্দেশে ওই তিন পরীক্ষার্থীকে অধিকতর তদন্তের জন্য লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়।
আটক পরীক্ষার্থীরা হলেন—কালীগঞ্জ উপজেলার কাকিনা গোপাল রায় গ্রামের সালাম উদ্দিনের মেয়ে সোহাগী খাতুন, হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কদমা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. রায়হান, এবং সদর উপজেলার রাজপুর ইউনিয়নের কৃষ্ণ মোহন রায়ের ছেলে লীপন কান্তি রায়, সবাই লালমনিরহাট জেলার বাসিন্দা।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে এবং ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের আওতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে একই তিনটি ক্যাটাগরির (অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী ও নৈশ প্রহরী) ৩৭টি পদের লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


