
আন্তর্জাতিক ডেস্ক : রহস্যময় গ্রাম কালাচি! কাজাখস্তানের এই গ্রামটির নাম বহুবার সংবাদ শিরোনামে এসেছে। কারণ এখানে বেশকিছু গ্রামবাসী প্রায় ছয়দিন একটানা ঘুমিয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, অদ্ভুত আরও কাণ্ড ঘটেছে গ্রামটিতে। এমন ঘটনা গোটা বিশ্বকে চিনিয়েছে এ গ্রামকে।
শুক্রবার (২৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে ফের উঠে এলো গ্রামটির চিত্র।
ঘটনাটি ২০১২ থেকে ২০১৫ সালের। অদ্ভুত সব আচরণ প্রকাশ পাচ্ছিল কালাচি গ্রামের মানুষের মধ্যে। যে কেউ যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছিলেন! কারও ঘুমই ভাঙছিল না! কেউ চোখের সামনে অদ্ভুত এবং ভয়ঙ্কর সব দৃশ্য দেখতে পাচ্ছিলেন।ঘুমের পরিমাণ এমনই তীব্র হয়ে উঠছিল যে যারা ঘুমাচ্ছেন, তারা যেন কিছুতেই চোখের পাতা খোলা রাখতে পারছিলেন না। আর যারা অকারণে ঘুমিয়ে পড়ছিলেন, তারা ঘুম থেকে উঠেই সবকিছু ভুলে বসছিলেন। কখন ঘুমিয়ে পড়েছিলেন, কী কারণে ঘুমিয়ে পড়েছিলেন এসব কিছুই মনে থাকছিল না কারও। তার সঙ্গে আরও যুক্ত হতে থাকে মাথাব্যথা ও দুর্বলতা। এমনও কয়েকবার হয়েছে যে একজন সারা দিনে ৫-৬ বারের বেশিও ঘুমিয়ে পড়েছিলেন।
জানা গেছে, এই ৩ বছরে গ্রামটির ১৬০ জন বাসিন্দা অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। বাসিন্দাদের কেউ ঘুমিয়েছেন টানা ৬ দিন, কেউ দেখেছেন পক্ষীরাজ ঘোড়া ছুটে যেতে। শুধু মানুষ নয়, পশু-পাখিরাও এই ঘুমের হাত থেকে রেহাই পায়নি।
এমনও হয়েছে যে টানা ৬ দিন ঘুমিয়ে চলেছেন মানুষ। তারপর যখন ঘুম ভেঙেছে, তখন যৌন চাহিদা অত্যন্ত বেড়ে যায়। আবার কারও চোখের সামনে সারাক্ষণ অদ্ভুত সব দৃশ্য ঘুরে বেড়ায়। কখনও বিছানার মধ্যে বিষধর সাপ দেখতে পান, তো কখনও পক্ষীরাজ ঘোড়া ছুটে যেতে দেখতে পান কেউ কেউ।
এ ছাড়া খাবারে অনীহা, মাথা ঘোরাসহ নানা শারীরিক দুর্বলতা তো ছিলই তাদের মধ্যে। কেন এমন ঘটছিল?
২০১৪ সালে প্রথম এ নিয়ে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। সেই খবর সারা বিশ্বের নজর কাড়ে। ওই গ্রামের অসুস্থদের নিয়ে গবেষণা শুরু হয়।
এই রোগের নাম দেওয়া হয় ‘স্লিপি হলো’। রোগের কারণ নিয়ে নানা মতবাদ সামনে আসতে থাকে। পরবর্তীকালে এর প্রকৃত কারণ জানা যায়।
গ্রামটির কাছেই ছিল ইউরেনিয়ামের খনি। খনির বিষাক্ত পদার্থ মিশে পানি দূষণের ফলে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেন বহু গবেষক।
২০১৫ সালে কাজাখস্তানের প্রশাসনের পক্ষ থেকে একটি গবেষণার রিপোর্ট প্রকাশ করা হয়। তাতে কারণ হিসেবে উল্লেখ করা ছিল, বাতাসে কার্বন মনোক্সাইডের অতিমাত্রাই এর কারণ।
পরীক্ষায় দেখা গেছে, বাতাসে স্বাভাবিক পরিমাণের তুলনায় ১০ গুণ বেশি ছিল কার্বন মনোক্সাইডের পরিমাণ।
এই রিপোর্ট সামনে আসার পরই এই গ্রাম থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বর্তমানে কালাচিতে ১২০টি পরিবার বাস করে। তারা এখন স্বাভাবিকভাবে ঘুমায় এবং তার পর এখনও পর্যন্ত আজগুবি আর কোনোকিছুই দেখা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


