আম্পায়ার আঙুল তুলে দেওয়ার পর দ্রুতই রিভিউ নিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু রক্ষা পেলেন না। হতাশ হয়েই ফিরতে হলো তাকে। অসাধারণ এক অর্জনের হাতছানি ছিল তার সামনে। সুযোগ ছিল টেস্ট ইতিহাসে গৌরবের আঁচড় কাটার। বাংলাদেশ অধিনায়ক পারলেন না একটুর জন্য।

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের শেষ দিনে সকালের সেশনে ৮৭ রানে আউট হন শান্ত। প্রথম ইনিংসে আউট হয়েছিলেন তিনি ১০১।
এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি আগে দুই দফায় করেছেন শান্ত। এবারও করতে পারলে স্পর্শ করতেন তিনি বিশ্বরেকর্ড।
এক টেস্টে জোড়া সেঞ্চুরি তিন দফায় করেছেন তিন ক্রিকেটার। সবার আগে করেছিলেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনিল গাভাস্কার। এরপর তার সঙ্গী হন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। সবশেষ এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।
অসাধারণ এই কীর্তির সুবাস পাচ্ছিলেন শান্ত। তবে শেষ পর্যন্ত পারলেন না হয়তো দলের কথা ভেবেই। শেষ দিনে ইনিংস ঘোষণা করতে দ্রুত রান তোলার তাড়া ছিল। ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলেছেন কয়েক দফায়, নোমান আলিকে রিভার্স সুইপও করেছেন বার দুয়েক। শেষ পর্যন্ত রিভার্স সুইপ খেলতে গিয়েই লাউন মিস করে এলবিডব্লিউ হয়ে যান তিনি। রান তোলার তাড়া না থাকলে হয়তো বাড়তি কিছুর চেষ্টা না করে স্বাভাবিক খেলেই পৌঁছতে পারতেন তিন অঙ্কে।
এবারের মতো আর হলো না এক টেস্টে জোড়া সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে অবশ্য তিনি ছাড়া একাধিকবার এই কীর্তি নেই কারও।
শান্ত প্রথম এটি করতে পেরেছিলেন ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে। মিরপুরে প্রথম ইনিংসে করেছিলেন তিনি ১৪৬, পরের ইনিংসে ১২৪। এরপর গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম ইনিংসে করেন ১৪৮, পরের ইনিংসে অপরাজিত থাকেন ১২৫ রানে।
দুই দফায় জোড়া সেঞ্চুরিতে বিশ্ব ক্রিকেটে শান্তর সঙ্গী আপাতত জর্জ হেডলি, হার্বার্ট সাটক্লিফ, ক্লাইড ওয়ালকট, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, আরাভিন্দা ডি সিলভা, রাহুল দ্রাবিড়, ম্যাথু হেইডেন, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা ও ব্রেন্ডন টেইলর।
আরও পড়ুনঃ
নেইমারকে বিশ্বকাপে দেখতে ব্রাজিলের সংসদ সদস্যের তিন পৃষ্ঠার চিঠি
বাংলাদেশের হয়ে শান্ত ছাড়া জোড়া সেঞ্চুরি করেছেন আর কেবল মুমিনুল হক। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০৫। তার ওই ২৮১ রান এখনও পর্যন্ত এক টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


