স্পোর্টস ডেস্ক: ভারতে শুরু হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এবার টানা সপ্তমবারের মতো বৈশ্বিক এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। ১৯৯৯ সাল থেকে শুরু করে ২০২৩- প্রতিটি বিশ্বকাপেই সরব উপস্থিতি টাইগারদের। বিশ্বমঞ্চে এখন পর্যন্ত মোট ১৪টি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। তবে কেবল ২০০৩ বিশ্বকাপেই কোনো জয় নেই বাংলাদেশ দলের। তবে কোনো বিশ্বকাপেই ৩টির বেশি ম্যাচে জয়ের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা।

সম্প্রতি দেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে বিশ্বকাপ উপলক্ষে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করেছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের বিশ্বাস, বাংলাদেশ দল ৩টা ম্যাচ জিতবে। তবে এর চেয়ে বেশি যদি জিততে পারে, সেটাই হবে পাওয়া।
আশরাফুল বলেন, এমনিতে দলটা অনেক ভাল। ব্যাটিং ও বোলিংয়ে বেশ কিছু কোয়ালিটি ও ট্যালেন্টেড প্লেয়ার আছে। তারপরও আমার মনে হয়, বিশ্বকাপের সেমিফাইনাল খেলা আর চ্যাম্পিয়ন হওয়ার মত দল হয়ে উঠিনি আমরা। কিছু কিছু জায়গা ও ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে। এই কারণে, আমি অতদুর চিন্তা করছি না। তবে এমনিতে আমি আশা করবো, আমাদের দল ৩টা ম্যাচ জিতবে। এর চেয়ে বেশি যদি জিততে পারে, সেটাই হবে পাওয়া।
সেমিতে কিংবা চ্যাম্পিয়ন হওয়ার মত দল হয়ে না ওঠার পিছনের কারণ সম্পর্কে তার ভাষ্য, এখনো আমরা সাড়ে তিনশো রান বলে-কয়ে ও প্রায় সময় করতে পারি না। ৩০০ প্লাস ও সাড়ে তিনশো রান চেজ করার সামর্থ্যও খুব কম। এটা বড় মঞ্চে সফল হতে না পারার পথে অন্যতম বাঁধা এটা। আপনি যদি অনুশীলন ম্যাচগুলো দেখেন, তাহলে দেখবেন আমাদের সেই ৩০০ প্লাস বা সাড়ে ৩০০ রান মিসিং। আমরা এখনো গড়পড়তা ২৭০-এ পড়ে আছি।
বিশ্বকাপের মঞ্চে কোন ৩টি দলের সাথে জিততে পারে বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, আফগানিস্তান, শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের সাথেই আমাদের জেতার চান্স বেশি বলে আমার ধারণা। এই তিনটি বাংলাদেশের মাস্ট উইন গেম অবশ্যই। বাকিদের সাথে জিততে পারটা হবে অনেক বড় অর্জন, কৃতিত্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



