জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই বয়সে ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় যায়, দেখতে হবে তাদের বন্ধুবান্ধব কারা, কোন সমাজে মিশছে, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশ কিশোর-কিশোরী স্বাস্থ্য ও কল্যাণ জরিপ ২০১৯-২০ এর তথ্য প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশব্যাপী এই জরিপ পরিচালনা করে ন্যাশনাল ইন্সটিটিউট অব পপুলেশন রিসার্চ এন্ড ট্রেইনিং (নিপোর্ট) এবং টেকনিক্যাল সহায়তা প্রদান করে আইসিডিডিআরবি’র রিসার্চ ফর ডিসিশন মেকার্স (আরডিএম) প্রকল্প এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডাটা ফর ইম্প্যাক্ট (ডিফরআই)। জরিপে অর্থায়ন করেছে ইউএসএআইডি, যুক্তরাজ্যের দাতা সংস্থা এফসিডিও এবং বাংলাদেশ সরকার।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্কুলগামী ছেলেমেয়েদের পরিবার থেকে একটা গাইডেন্স দরকার। পরিবারের বিরাট ভূমিকা থাকে তাদেরকে গাইড করার। সঠিক পথে পরিচালনা করার দিক নির্দেশনা দেওয়ার। স্কুলে শিক্ষকদের দায়িত্ব তাদের গাইড করার। শিক্ষকদেরকেও তাদের প্রতি সদয় আচরণ করতে হবে। ছেলেমেয়েরা ভুল করবেই, ভুল করেই শিখবে। ভুল না করলে শিখতে পারে না। শাস্তি দিয়ে কাজ হবে না, শাস্তি দেওয়াই বড় বিষয় না। বাবা মা, বড় ভাই এবং শিক্ষকদেরকে দেখতে হবে যে তারা কাদের সঙ্গে মিশছে। শিক্ষায় সব ধরনের শিক্ষাই দরকার। আমাদের ইতিহাস শিক্ষা খুব দরকার, তাহলে তারা বুঝতে পারবে কারা বন্ধু কারা শত্রু।
তিনি আরও বলেন, ছেলেমেয়ে যখন বড় হয় তখন তাদের শাস্তির প্রতি খেয়াল করা দরকার। তাদের জানা দরকার ভাবে চলাফেরা করলে তারা ভালো থাকবে। মানুষের অভ্যাসই মানুষকে গড়ে, অভ্যাসই গন্তব্যে নিয়ে যায়। আমাদের ছেলেমেয়েদেরকে স্বাস্থ্য সম্পর্কে ভালো জ্ঞান দিতে হবে। কারণ স্বাস্থ্য ভালো না থাকলে কোনও কিছুই ভালো থাকবে না। হাইজিন ও পুষ্টি সম্পর্কে ছেলেমেয়েদের জানাতে হবে। ফাস্টফুড না খেয়ে ছেলেমেয়েদের বলতে হবে ব্যালেন্সড ফুড খেতে। কিন্তু আমাদের ছেলেমেয়েরা ফাস্টফুড বেশি খায়, অনেক দোকান হয়ে গেছে। সকালে খালি পেটেই অনেকেই চা কফি খায়, এটা একদম উচিত না। আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা টেলিভিশনে দেখে, স্ক্রিনের মধ্যে গোল হচ্ছে। কিন্তু মাঠে খেলছে না, মাঠের আলো বাতাস পাচ্ছে না। আমার আমাদের ছেলেমেয়েদের যেভাবে তৈরি করবো তারা বড় হয়ে তাই হবে। ভালো ট্রেনিং দিলে ভালো হবে, খারাপ ট্রেনিং দিলে মাদকাসক্ত হয়ে পড়বে। সঙ্গ এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তারা ভালো বন্ধুবান্ধবের সঙ্গ পেলে ভালো হবে।
মাদক থেকে ছেলেমেয়েদের দূরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের দেশে মাদক একটি বড় সমস্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চেষ্টা করছেন, অনেক কাজ করছে এটি নির্মূল করতে। আমাদের পরিবারেরও দায়িত্ব আছে যাতে মাদক থেকে আমাদের ছেলেমেয়েরা যেন দূরে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


