রাজধানীর ডেমরায় ফের অভিযান চালিয়ে একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে মিরপাড়া মোড়ে অবস্থিত “প্রিয়তমা আবাসিক হোটেল”-এ এ অভিযান চালানো হয়।

ডেমরা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেলের ২০২ ও ২০৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ সোনারগাঁও বারদী এলাকার মৃত দাইয়ানের ছেলে মো. রকি (২৭), একই থানার আনন্দবাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. শান্ত (২৬), ঢাকা কদমতলী জুরাইন এলাকার মৃত শরিফের মেয়ে জান্নাত (১৯), ও ঢাকা খিলগাঁও মাদারটেক রেলগেট এলাকার আবুল হাশেমের মেয়ে মীম আক্তার (২৭)।
এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, প্রিয়তমা আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়েছে এবং গ্রেপ্তারও হয়েছে। এমনকি হোটেলের বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই হোটেলের ২টি কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোটেলটিতে দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার আসরসহ নানা অনৈতিক কর্মকাণ্ড চলছিল। তাদের দাবি, বারবার অভিযান হলেও স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ না হওয়ায় এলাকায় সামাজিক অবক্ষয় বাড়ছে এবং পরিবারগুলোতে অস্থিরতা তৈরি হচ্ছে।
এ বিষয়ে ডেমরার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, এ আবাসিক হোটেলের কারণে সামাজিক অবক্ষয় ক্রমেই বাড়ছে। নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে মাদকাসক্ত তরুণরাও। এছাড়াও যুবক ও বয়স্ক লোকরাও থেমে নেই। এতে করে ডেমরা থানা এলাকার অনেক পরিবারে কলহ লেগেই থাকে। কিছুদিন পর পর পুলিশের অভিযান চললেও পরে আবার হোটেল কর্তৃপক্ষরা অসামাজিক কাজ শুরু করে। দুঃখের বিষয় হলো স্থায়ীভাবে এই হোটেলটি বন্ধ করছে না প্রশাসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


