জুমবাংলা ডেস্ক : হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘আমার নামে অনেক মামলা রয়েছে। আমি এতেই খুশি। আমি জেলের অপেক্ষায় আছি।’ আজ শুক্রবার (২ মার্চ) জুমার নামাজের পর আয়োজিত সমাবেশে হেফাজত ইসলামের পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
হেফাজতের আমির বলেন, যারা ইসলামবিরোধী এবং বিনা উস্কানিতে মাদ্রাসার ছাত্রদের গুলি করে হত্যা করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। বাংলাদেশ স্বাধীন, গণতান্ত্রিক রাষ্ট্র। এ রাষ্ট্রে মিছিল-মিটিং করা, দাবি পেশ করার শতভাগ অধিকার রয়েছে। আন্দোলনে ছাত্রদের গুলি করার অধিকার কোনো প্রশাসনের নেই।
শিক্ষার্থীদের ওপর হত্যা পরিকল্পিত দাবি করে বাবুনগরী বলেন, এ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। এদেশে সব ধর্মের মানুষ থাকতে পারবে কিন্তু নাস্তিকরা থাকতে পারবে না। সরকার এবং আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে নাস্তিকরা।
এ সময় যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ, গ্রফতার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং হাটহাজারী থানার ওসির শাস্তি দাবি করেন হেফাজত আমির।
এর আগে হেফাজতের সমাবেশকে ঘিরে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক বন্ধ রাখে পুলিশ। এতে সড়কের উভয় প্রান্তে তৈরি হয় যানজট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


