জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। সোমবার সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ডব্লিএএফএ সূত্রের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল-আব্বাসিকে আল-আকসা মসজিদের চত্বর থেকে আটক করে। তবে গ্রেপ্তারের কোনো কারণ জানানো হয়নি।
খবরে বলা হয়, আল-আকসা মসজিদে ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর বিধিনিষেধ আরোপ, প্রবেশে সীমাবদ্ধতা এবং ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের অভিযানের মাত্রা বাড়ানোর প্রেক্ষাপটে এই গ্রেপ্তার সংঘটিত হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে হামাস আল-আব্বাসির গ্রেপ্তারের নিন্দা জানিয়ে দাবি করে, তাকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংগঠনটি একে আল-আকসার বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ এবং এর ইমামদের ওপর অগ্রহণযোগ্য আক্রমণ বলে উল্লেখ করেছে।
হামাস আরও অভিযোগ করে, আল-আকসা মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা, মুসল্লিদের প্রবেশে বাধা, রমজান মাসকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বসতি স্থাপনকারীদের অভিযান জোরদার করা—এসব পদক্ষেপ মসজিদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও ‘ইহুদিকরণ’-এর প্রচেষ্টার অংশ।
সংগঠনটি জেরুজালেম, পশ্চিম তীর ও ১৯৪৮ সালের সীমানার ভেতরে বসবাসরত ফিলিস্তিনিদের আল-আকসায় উপস্থিতি বজায় রাখার আহ্বান জানায়। পাশাপাশি আরব ও ইসলামি দেশগুলোর প্রতি আল-আকসা মসজিদ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, অধিকৃত জেরুজালেমের পুরোনো শহর ও আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকায় সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ধর্মীয় ব্যক্তিত্ব ও ফিলিস্তিনি কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও নিষেধাজ্ঞা জারিসহ ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


