ইরাকের জলসীমায় দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে আকস্মিক হামলা চালিয়েছে ইরান। বিস্ফোরকবোঝাই ছোট নৌকার সাহায্যে চালানো এই হামলায় জাহাজ দুটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং অন্তত এক নাবিকের মৃত্যু হয়। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় নিজেদের সব কটি তেল বন্দরের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরাক।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দেশটির সরকারি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও দ্য সান-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরাকের বন্দর রক্ষা ও পরিচালনা বিষয়ক রাষ্ট্রীয় সংস্থার (ইরাক পোর্টস কোম্পানি) মহাপরিচালক ফারহান আল-ফারতোসি জানান, ইরাকি জলসীমায় অবস্থানকালে জাহাজ দুটি লক্ষ্য করে ইরানের ছোট ছোট নৌকা থেকে হামলা চালানো হয়। এতে মুহূর্তের মধ্যেই ট্যাংকারগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে হামলার উৎস নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও পরবর্তীতে মহাপরিচালক নিশ্চিত করেন, বিস্ফোরকসজ্জিত ইরানি নৌযানের মাধ্যমেই এই নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। ফারহান আল-ফারতোসি বলেন, নিরাপত্তা ঝুঁকির কারণে আমরা বর্তমানে সব তেল বন্দরের কাজ স্থগিত রেখেছি। তবে সাধারণ পণ্যবাহী বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম এখনো স্বাভাবিক রয়েছে।
ভৌগোলিক ও কৌশলগত কারণে এই হামলার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


