ইরানে যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণে দেশটিতে অবস্থানরত বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার জরুরি পরিস্থিতিতে সেখানে থাকা কয়েকশ বাংলাদেশিকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় ২০০ বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৯ মার্চ) এই কার্যক্রম শুরু হতে পারে।
সেখান থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে। জানা গেছে, ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হককে আজারবাইজান পাঠানো হচ্ছে।
আঙ্কারা থেকে মোবাইলে রাষ্ট্রদূত আমানুল হক বলেন, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশের নাগরিকদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে। প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেয়া হবে। এরপর চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


