ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রশংসা করলেও এই যুদ্ধে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো সরাসরি কোনোভাবেই জড়াবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুটে।

সোমবার (২ মার্চ) বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। রুটে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ব্যক্তিগতভাবে জোটের কোনো মিত্র দেশ সহায়তা করলেও একটি সংক্ষিতা হিসেবে ন্যাটোর এই অভিযানে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
জার্মান টেলিভিশন এআরডি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক রুটে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখানে যা করছে তা সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্জনের সক্ষমতাকে ধূলিসাৎ ও দুর্বল করে দিচ্ছে।’
তিনি মনে করেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখতে এই ধরনের সামরিক পদক্ষেপ জরুরি ছিল। তবে ন্যাটোর সরাসরি সম্পৃক্ততার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জোর দিয়ে বলেন, ‘ন্যাটোর এই যুদ্ধে টেনে হিঁচড়ে নামার বা এর অংশ হওয়ার একেবারেই কোনো পরিকল্পনা নেই।’
ন্যাটো মহাসচিব আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানান যে, জোটগতভাবে কোনো সিদ্ধান্ত না থাকলেও সদস্য দেশগুলো স্বতন্ত্রভাবে বা ব্যক্তিগত পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের অভিযানে সহায়তা করতে পারে।
তিনি বলেন, ‘আমেরিকানরা ইসরায়েলের সঙ্গে মিলে যা করছে, তা সক্ষম করার জন্য ব্যক্তিগতভাবে মিত্র দেশগুলো যা করতে পারে তা করা ছাড়া ন্যাটোর অন্য কোনো ভূমিকা থাকবে না।’ মূলত মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে বড় ধরনের আন্তর্জাতিক সংঘাত এড়াতে এবং ন্যাটোর মূল মনোযোগ অন্য কোথাও সরিয়ে না নিতেই এই সাবধানী অবস্থান নেওয়া হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
বিশ্বজুড়ে এই সামরিক অভিযানের প্রভাবে যখন নতুন করে উত্তেজনার পারদ চড়ছে, তখন ন্যাটোর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। মার্ক রুটে তার বক্তব্যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কার্যক্রমকে সমর্থন দিলেও জোটের সামরিক সীমানা নির্ধারণ করে দিয়েছেন।
ন্যাটোর সদর দপ্তরে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি পুনর্ব্যক্ত করেন যে, জোটের লক্ষ্য কেবল সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার কোনো আইনি বা কৌশলগত কারণ ন্যাটোর নেই।
সূত্র: সংবাদ সংস্থা রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


