আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে যে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইসরাইল তার মধ্যে ২১টি ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী।
সিরিয়ায় রাশিয়ার রিকনসিলেশন সেন্টারের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত এ তথ্য জানিয়েছেন। খবর পার্সটুডের।
তিনি বলেন, শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরাইলের বিমান বাহিনী এফ-১৫ বিমান থেকে দামেস্ক শহর লক্ষ্য করে ২৪টি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কিন্তু সিরিয়ার সামরিক বাহিনী রুশ নির্মিত বাক-এম-২ই এবং পান্তশির এস-১ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ২১টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়।
দামেস্কের কাছাকাছি কিছু স্থান লক্ষ্য করে শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিমান হামলা চালায় ইসরাইল। এ ঘটনায় সিরীয় প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তৎপর হয়ে ওঠে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভয়েস অব আমেরিকা জানায়, বিগত দুই সপ্তাহের মাঝে শুক্রবার প্রথম প্রহরে চালানো হামলাটি ছিল দ্বিতীয়। তবে এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সিরীয় সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সব ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপতিত করে।
সিরিয়াকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে অনেক দিন লক্ষ্যস্থল বলে আসছে ইসরাইল। অনেক বছর ধরে হামলাও চালিয়ে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


