লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বড় ধরনের হামলার শিকার হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চল। বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একযোগে প্রায় ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে- চলতি মাসে সীমান্ত সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটিই ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে শক্তিশালী হামলা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, বুধবার রাতে লেবাননের একাধিক কৌশলগত পয়েন্ট থেকে এই হামলা চালানো হয়। আকস্মিক এই হামলায় হাইফা শহর, গ্যালিলি এবং গোলান হাইটসের বিস্তীর্ণ এলাকায় সতর্কতা সংকেত বা সাইরেন বেজে ওঠে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত নিরাপদ আশ্রয়ে অবস্থান নেন।
আইডিএফ দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা অনেকগুলো রকেট মাঝপথে রুখে দিতে সক্ষম হয়েছে। তবে হামলার ব্যাপকতা ও তীব্রতা পুরো অঞ্চলে কম্পন সৃষ্টি করেছে। বিশাল এই কর্মযজ্ঞের পরও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বর্তমানে ইসরায়েলি জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দলগুলো আক্রান্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।
সামরিক বিশ্লেষকদের মতে, এই হামলাটি ইরান সমর্থিত হিজবুল্লাহর একটি সুসংগঠিত শক্তির মহড়া। এই ঘটনা চলমান সীমান্ত সংঘাতকে আরও ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। হিজবুল্লাহর এই পদক্ষেপের পর পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী।
সব মিলিয়ে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা এখন চরম পর্যায়ে। উদ্ভূত পরিস্থিতিতে অঞ্চলটিতে একটি পূর্ণাঙ্গ ও রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


