আন্তর্জাতিক ডেস্ক : সংকট সমাধানে ইসরায়েল ও ফিলিস্তিনকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে চীন। যদি উভয় পক্ষই প্রস্তাবটি গ্রহণ করে তাহলে চীনেই হবে আলোচনার সম্ভাব্য স্থান। আজ বুধবার (২৪ মার্চ) টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়ার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্য সফর করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই। সেখানেই স্থানীয় গণমাধ্যমগুলোকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।
এ সময় ইয়েমেনে দীর্ঘ ছয় বছর ধরে চলমান সংঘাত নিরসনে সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি সমর্থন জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত সোমবার ইয়েমেনে সংঘাতের অবসান ঘটাতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদেরকে যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমঝোতা চুক্তিসহ নতুন একটি প্রস্তাব দিয়েছে সৌদি আরব। এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
তিনি বলেন, যদি হুথি বিদ্রোহীরা উদ্যোগের শর্তগুলো মানতে সম্মত হয়, তাহলে সৌদি আরবও জাতিসংঘ-পর্যবেক্ষণাধীন দেশটিতে (ইয়েমেন) যুদ্ধবিরতি মেনে চলবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে তীব্রভাবে বিমান হামলা চালাচ্ছে। তারা রাজধানী সানা ও লোহিত সাগরের উপকূলে একটি শস্য বন্দরসহ আরো কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এর মাঝেই এমন ঘোষণা আসলো।
গত কয়েকমাস ধরে হুথি বিদ্রোহীরাও সৌদি আরবের ওপর হামলা চালাচ্ছে। প্রায় প্রতিদিনই বিমানবন্দর, সামরিক ঘাঁটি এবং প্রধান তেল ক্ষেত্রগুলোকে টার্গেট করে বিস্ফোরক বোঝাই ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে এসব হামলা চালায় ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি।
সৌদি আরবের এই উদ্যোগটি ইয়েমেনে যুদ্ধরত দলগুলোর মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সর্বশেষ প্রয়াস। সম্প্রতি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কিন্তু তাতে কোনো সাড়া দেয়নি হুথি বিদ্রোহীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


