
আন্তর্জাতিক ডেস্ক : আল আকসা মসজিদে ইসরায়েলি হামলার পরিপেক্ষিতে শুরু হওয়া সংঘর্ষে বিমান হামলার জবাবে গাজা থেকে রকেট নিক্ষেপ করছে প্রতিরোধ সংগঠন হামাস। গত শুক্রবার (৭ মে) জুমাতুল বিদার দিনে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এ পর্যন্ত এক হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে হামাস।
বুধবার (১২ মে) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সোমবার (৯ মে) থেকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত পাঁচ ইসরায়েলি নিহত হয়েছে, যাদের মধ্যে দুজন নারী। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে; যাদের মধ্যে ১০ জনই শিশু।
তবে দু’পক্ষের যুদ্ধে ইসরায়েলের আশকেলন শহরে ভারতীয় এক নারীর মৃতুর খবর পাওয়া গেছে। ভারতের আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়, আশকেলন শহরের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন সৌম্যা নামে ভারতের কেরালার এক নারী। হামাসের একটি রকেট ওই বাড়ির ছাদে গিয়ে পড়লে ভারতীয় ওই নারীর মৃত্যু হয়।
সৌম্যার পরিবারের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, সংঘর্ষ চলাকালে মঙ্গলবার যখন ঝাঁকে ঝাঁকে রকেট ইসরায়েলের দিকে ছুটে আসছিল, তখন ভিডিওকলে ভারতে স্বামী সন্তোষের সঙ্গে কথা বলছিলেন সৌম্যা। হঠাৎই প্রচণ্ড শব্দ শুনতে পান সন্তোষ এবং সঙ্গে সঙ্গে সৌম্যার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইসরায়েলে সৌম্যার পরিচিত কয়েকজনকে ফোন করেন সন্তোষ। পরে তিনি জানতে পারেন, বাড়ির ছাদে এসে পড়া রকেটের বিস্ফোরণে সৌম্যার মৃত্যু হয়েছে।
সৌম্যার পরিবার জানান, গত ৭ বছর ধরে ইসরায়েলে গৃহকর্মীর কাজ করছিলেন সৌম্যা। তার ৯ বছরের একটি ছেলে রয়েছে। তারা স্বামী সন্তোষ এবং ছেলে কেরালাতেই থাকেন।
তবে সৌম্যার ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


