আসন্ন ঈদুল পবিত্র ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রী সাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার (৯ মার্চ) হলো অগ্রিম টিকিট বিক্রির নির্ধারিত কার্যক্রমের শেষ দিন। আজ পাওয়া যাচ্ছে আগামী ১৯ মার্চের আন্তনগর ট্রেনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা আগামী ১৯ মার্চ ট্রেনে ভ্রমণ করবেন, তাদের ৯ মার্চ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। এ দিকে ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে রেলওয়ে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী,সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।
নিয়ম অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ ৪টি আসন কিনতে পারবেন। অগ্রিম কেনা টিকিট ফেরত বা রিফান্ড করার কোনো সুযোগ নেই। এছাড়া নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ টিকিট ‘দাঁড়িয়ে যাওয়ার’ (স্ট্যান্ডিং) জন্য বরাদ্দ থাকবে, যা যাত্রার দিন শুরুর স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
গত ৩ মার্চ থেকে শুরু হওয়া এই অগ্রিম টিকিট বিক্রয় প্রক্রিয়ায় আজই নির্ধারিত সূচির শেষ দিন। এর আগে পর্যায়ক্রমে ১৩ থেকে ১৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। তবে রেল ভবন সূত্রে জানা গেছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুনঃ ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যাত্রীদের ভোগান্তি কমাতে এবং কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। তবে সাধারণ যাত্রীদের বিশেষ অনুরোধে আসনবিহীন ভ্রমণের জন্য নির্দিষ্ট সংখ্যক স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রেখেছে রেল কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


