জুমবাংলা ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালায়’ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি।
বুধবার ঝিনাইদহের বিদ্যাসাগর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় মিলনায়তনে ‘মুজিববর্ষে এসডিজি-৪ বাস্তবায়নে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভূমিকা’শীর্ষক সেমিনার অনুষ্ঠানে এ দাবি জানান তারা।
বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রায় ৭৫ ভাগ প্রশিক্ষণ দেয় বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে কর্মরত প্রায় ২হাজার শিক্ষক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এসব শিক্ষককে পেশাগত দক্ষতা ও উন্নয়নের বাহিরে রেখে মুজিববর্ষে শতভাগ শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে না। তাই মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে অনতিবিলম্বে কর্মরত শিক্ষকদের দেশ-বিদেশের সকল প্রকার ট্রেনিং এর আওতায় এনে শিক্ষকদের অধিকতর যোগ্য করে তুলতে হবে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সমিতির নির্বাহী সদস্য অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন, বিদ্যাসাগর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব হোসেন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


