স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ইনজুরির কারণে আগে থেকেই নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন লিওনেল মেসিও। ফলে নতুন বছরে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) গুরুদায়িত্ব ছিল তরুণ তারকা কাইলিয়ান এমবাপ্পের কাঁধে। সেটি কী দারুণভাবেই না পালন করেন এ ফরাসি ফরোয়ার্ড।

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে পুরো ম্যাচ জুড়েই ছিল পিএসজির আধিপত্য। ম্যাচের দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে ২৫টি শটের মধ্যে অন্তত ১২টি লক্ষ্যে রেখেছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। কিন্তু চারটির বেশি গোল পায়নি তারা। ভানেস তিনট শট লক্ষ্যে রেখেও সফল হয়নি।
প্রথম গোলের জন্য পিএসজিকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ২৮ মিনিট পর্যন্ত। নুনো মেন্ডেসের কর্নার থেকে জোরালো হেডারে দলকে এগিয়ে দেন প্রেসনেল কিম্পেম্বে। এরপর প্রথমার্ধ তো বটেই, পরের ত্রিশ মিনিটেও আর গোলের দেখা পায়নি পিএসজি।
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৯ মিনিটে স্কোরলাইন ২-০ করেন এমবাপ্পে। বাকি দুই গোল করেন ৭১ ও ৭৬ মিনিটের মাথায়। হ্যাটট্রিক করা গোলের মাধ্যমে পিএসজির হয়ে ১৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এমবাপ্পে। এক গোলের পাশাপাশি এমবাপ্পের প্রথম গোলে এসিস্টও করেছিলেন কিম্পেম্বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



