Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপির রাজনীতি এখন জনমানুষের আস্থা ও বিশ্বাসের শেকড় থেকে বিচ্ছিন্ন উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা গণতন্ত্রের কথা মুখে যতই বলুক বিএনপিই গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথকে বাধাগ্রস্ত করছে নানা কৌশলে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

দেশ কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছে- বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে দেশ নয়, কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছে বিএনপির রাজনীতি।’

এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দেশ আজ কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছে। গণতন্ত্রকে হরণ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অনির্বাচিত সরকার একনায়কতন্ত্র কায়েম করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমের গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে। বিরোধীমত দমন করতেই কালো আইন তৈরি করেছে।

বৃহস্পতিবার ওবায়দুল কাদের আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি বিএনপির ফ্যাসিবাদি রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ।’

এ হুমকি আবারও বিএনপি’র হত্যা ও খুনের রাজনীতির পরিচয়কে এবং ১৫ ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা স্পষ্ট করেছে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সাক্ষাৎ শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।

ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা হয় বলে জানান মন্ত্রী।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কৃত্রিম দেওয়াল রচিত হয়েছিল উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দীর্ঘসময় পর শেখ হাসিনা সরকার প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণের পর সম্পর্কের নতুন সেতুবন্ধন রচিত হয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘দীর্ঘদিনের সীমান্ত চুক্তিসহ ছিটমহল বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনে ইতিমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘নরেন্দ্র মোদি বিজেপি নেতা হিসেবে নন, তিনি বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে।’

মন্ত্রী বলেন, এর মাধ্যমে দু’দেশের সরকারের পাশাপাশি পিপল টু পিপল কন্টাক্ট নতুন উচ্চতা লাভ করবে।

ওবায়দুল কাদের নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সাফল্য কামনা করেন।

এসময় সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে সংখ্যালঘুদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.