
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হ’ত্যা মামলার অন্যতম আসামি কামরুন নাহার মনি গত ২০শে সেপ্টেম্বর মধ্যরাতে (২১শে সেপ্টেম্বর প্রথম প্রহর-১২.১০ মিনিট) কন্যাসন্তান প্রসব করে। ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে তার কন্যাসন্তানের জন্ম হয়। দু’দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে মনিকে কারাগারে নেয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী এম শাহজানান সাজু জানান, নুসরাত হ’ত্যা (কিলিং মিশনে ৫ জনের একজন) মামলার অন্যতম আসামি কামরুন নাহার মনিকে গত ১৬ই এপ্রিল বাড়ি থেকে গ্রেপ্তার করে পিবিআই।
গ্রেপ্তারের সময় মনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। গ্রেপ্তারের পরদিন ১৭ই এপ্রিল মনিকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। নুসরাতকে পুড়িয়ে হ’ত্যার সময় ব্যবহৃত বোরকাগুলো যে দোকান থেকে কেনা হয়েছিল আসামি মনিকে নিয়ে গত ১৯শে এপ্রিল সে দোকানে অভিযান চালায় পিবিআই।
নুসরাত হ’ত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে গত ২০শে এপ্রিল আসামি কামরুন নাহার মনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ঘটনার সময় বোরকা পরিহিত ৫ জনের মধ্যে একজন ছিল মনি। নুসরাতকে হাত-পা বাঁধার পর আসামি মনি সহপাঠী নুসরাতকে ছাদে শুইয়ে দিয়ে গলা চেপে ধরে। আসামি জাবেদ হোসেন ঘটনার সময় নুসরাতের গায়ে এক লিটার কেরোসিন তেল ঢেলে দেয় এবং ম্যাচের কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। সূত্র: মানবজমিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



