জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে একই গ্রামে ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীনএবং আটজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আড়িয়া ইউপি চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব জানান, ঢাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কেউ ছাতারপাড়ার দাড়েরপাড়া নিজ গ্রামে ফিরলে আক্রান্ত ওই ব্যক্তি থেকে এ রোগ ছড়িয়ে পড়েছে। বর্তমানে এ রোগীর সংখ্যা ৩৮ জন হলেও ডেঙ্গু পরীক্ষায় একজনের এ রোগ ধরা পড়েনি। আমার সার্বক্ষণিক তদারকি রয়েছে। নতুন করে আর কেউ যেন আক্রান্ত না সে বিষয়ে নজরদারি রয়েছে।
দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দ কুমার পাল জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা থেকে বাড়ি ফিরলে ওই আক্রান্ত ব্যক্তি থেকে ৩৮ জন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। বর্তমানে ৩০ জন চিকিৎসাধীন রয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। নতুন করে কেউ আক্রান্ত না হয় সে বিষয়ে স্বাস্থ্য বিভাগের সর্বদা তদারকি রয়েছে।
এদিকে একই গ্রামে ৩৮ ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার খবর পেয়ে সোমবার বিকেলে ডেঙ্গু প্রতিরোধে দৌলতপুর উপজেলা প্রশাসন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এ কার্যক্রমে নিজ নিজ বসত-বাড়ির আঙিনা ও পার্শ্ববর্তী রাস্তা পরিষ্কার রাখা, আক্রান্ত রোগীদের মধ্যে ওষুধ বিতরণ, লিফলেট বিতরণ, আরোগ্যলাভে পরামর্শ প্রদান করা হয়। একই সাথে এসব কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়। মঙ্গলবারও এলাকাবাসী এ কার্যক্রম চালিয়েছে।
একই গ্রামে ৩৮ ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, ছাতারপাড়ার দাড়েরপাড়া গ্রামে ৩৮ ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার খবর পেয়ে সোমবার বিকেলে ওই এলাকায় গিয়ে জনসচেতননতামূলক কার্যক্রম চালানো হয়েছে। নতুন করে আর কেউ যেন আক্রান্ত না হয় সে বিষয়ে সর্বদা নজরদারি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



