সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালীন কোনো সরকারি বেতন-ভাতা গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন। পাশাপাশি সরকারি গাড়িও ব্যবহার করবেন না বলে ঘোষণা দেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মন্ত্রী হওয়ার পর থেকেই আমি নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছি এবং নিজের অর্থে কেনা জ্বালানি ব্যবহার করছি। সরকারি গাড়ি কিংবা তেলের কোনো সুবিধা নিচ্ছি না। যত দিন দায়িত্বে থাকব, তত দিন সরকারি গাড়ি ব্যবহার করবনা। একই সঙ্গে সরকারি বেতন-ভাতাও নেব না।
তিনি আরও বলেন, জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা একজন জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব। ব্যয় সংকোচন ওস্বচ্ছতার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, নেতৃত্বের জায়গা থেকে উদাহরণ সৃষ্টি করা প্রয়োজন।
মন্ত্রী বলেন, আমি একজন কৃষক, আমি ভালো করেই জানি কীভাবে ধান ফলাতে হয়। সমৃদ্ধ খাদ্যভান্ডার গড়ে তুলতে আমরা কাজ করব। আগামীর বাংলাদেশ হবে বাকস্বাধীনতা ও সমৃদ্ধির।
মতবিনিময় সভায় কৃষি খাতের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, উৎপাদন ব্যয় কমানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সরকার কাজ করছে।
দীর্ঘদিন পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এসেছে। জনগণের অনেক আশা ও আকাঙ্ক্ষা এ সরকারের কাছে। সরকার এসব লক্ষ্যে নিয়ে কাজ করবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ড. আখতার হামিদ খান সর্বপ্রথম কৃষিকে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। কৃষিতে আখতার হামিদ খান উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ এখনো দেশ-বিদেশে সমাদৃত। আমরা সারা দেশের কৃষিউন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।
তিনি আরও বলেন, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা আমিই স্থাপন করেছি। আপনারা উৎসাহ দিয়েছেন। এখন কুমিল্লায় এক প্রকার শিল্প বিপ্লব হয়েছে, অনেক কারখানা হয়েছে। এর অগ্রগতি অব্যাহত থাকবে।
অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি: বিসিবি পরিচালক
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শসদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


