
জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দিরে পরিদর্শন ও পূজা-আর্চনা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি মা কালির কাছে প্রার্থনা করেছেন যেন করোনাভাইরাসের কবল থেকে মানবজাতিকে মুক্ত করা হয়।
আজ শনিবার (২৭ মার্চ) সকালে মন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা করেন নরেন্দ্র মোদি। এ সময় তিনি ঘোষণা দেন যে, যশোরেশ্বরী কালীমন্দিরের পাশে একটি কমিউনিটি হল ও সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে। পুরো নির্মাণ প্রকল্পের অর্থায়ন করবে ভারত সরকার।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, যে কোনো সামাজিক কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় যেন স্থানীয়রা কমিউনিটি হলটি ব্যবহার করতে পারে, সেইভাবেই এটি তৈরি করা হবে। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সময় যেন তারা নিরাপদ আশ্রয়ে থাকতে পারে সে জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে।
এর আগে সকাল ১০টার দিকে ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি শ্যামনগরে অবতরণ করে। এরপরই মন্দিরে পৌঁছান তিনি।
সেখান থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে মোদিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শ্রদ্ধা নিবেদনের পালা শেষে সমাধিসৌধ কমপ্লেক্সে একটি গাছের চারা রোপণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


