
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), বিগ ব্যাশের পর এবার কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব আল হাসান।
২০ জুন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির প্লেয়ার ড্রাফট। সেখানে সাকিবকে দলে অন্তর্ভুক্ত করে ব্রাম্পটন ওলভস। গ্লোবাল এই টি-টোয়েন্টি লিগে সাকিবই দল পাওয়া প্রথম ও এখনো পর্যন্ত একমাত্র বাংলাদেশি।
গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টেটির এবারের আসর বসবে ২৫ জুলাই থেকে। মূলত বিশ্বকাপ ব্যস্ততায় থাকা ক্রিকেটারদের পেতেই একটু দেরি করে শুরু করা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ আগস্ট। অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। সাকিবের ব্রাম্পটন আগের আসরে খেলেছিল ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বি টিম’ নামে, সেবার ফাইনালে ভ্যাঙ্কুবার নাইটসের কাছে হেরে রানার্সআপ হয় দলটি।
সাকিবের দলে রয়েছেন আরেক তারকা ক্রিকেটার কলিন মুনরো। এই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন চলমান বিশ্বকাপে আফগানিস্তানের কোচ হিসেবে কাজ করা ফিল সিমন্স। এবারের টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সাকিবদের হোম ভেন্যু ব্রাম্পটনেই।
সাকিব ও মুনরো ছাড়াও আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার দল পেয়েছেন। ফ্যাফ ডু প্লেসি ও কেন উইলিয়ামসন এডমন্টন রয়্যালসে, সুনীল নারাইন ও থিসারা পেরেরা মন্ট্রিয়াল টাইগার্সে, ব্রেন্ডন ম্যাককালাম, কাইরন পোলার্ড ও যুবরাজ সিং টরন্টো ন্যাশনালসে, ক্রিস গেইল, শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল ভ্যাঙ্কুবার নাইটসে ও ডোয়াইন ব্রাভো ও ক্রিস লিন উইনিপেগ হকসে দলভুক্ত হয়েছেন।
জুমবাংলা/এসআর/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


