
জুমবাংলা ডেস্ক : করোনা সংক্রমণরোধে সারা দেশে কঠোর লকডাউন চলছে। লকডাউন কার্যকর করতে শুরু থেকেই কঠোর অবস্থানে মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ। উপজেলার দুটি গুরত্বপূর্ণ পাটুরিয়া ও আরিচা ঘাটে লকডাউন কার্যকর করতে আজ শনিবার লকডাউনের তৃতীয় দিনে শিবালয় থানা পুলিশ চেকপোস্ট ও টহল আরো জোরদার করেছে।
ঘাটে জরুরি পণ্যবাহী ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া সকল ধরনের যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ রয়েছে। এ কারণে জনশূন্য ঘাট এলাকা।
মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে। অপ্রয়োজনে কেউ বাইরে বের হলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার পাটুরিয়া ও আরিচা ঘাটের প্রবেশপথ, ঘাট এলাকা, ঢাকা-আরিচা মহাসড়কে গুরুত্বপূর্ণ স্পটসহ আঞ্চলিক সড়কগুলোতে লকডাউন কার্যকর করতে পুলিশ টহল দিচ্ছে। মহাসড়কে কেউ অপ্রয়োজনে গাড়ি নিয়ে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া উপজেলার হাট-বাজারগুলোতে কাঁচামালের দোকান ও নিত্যপণ্যের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। তবে আঞ্চলিক সড়কগুলোতে বেশ কিছু ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেখা গেছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির জানান, পাটুরিয়া ও আরিচা ঘাটে পুলিশ টহল আরো জোরদার করা হয়েছে। শুধু জরুরি পণ্যবাহী ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। কোনো যাত্রী বা অন্য কোনো গাড়ি ঘাট এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


