জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে রাজবাড়ীর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এক ছাত্রীর মামলায় বুধবার রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতের বিচারক সুমন হোসেন এ আদেশ দেন।

 সাবেক মেয়র জাহাঙ্গীরকে রাজবাড়ীর আদালতে হাজিরের নির্দেশ

বৃহস্পতিবার বিকালে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শেখ মো. মেহেদী হাসান।

মানবিক বাংলাদেশ সোসাইটি নামক সংগঠনের রাজবাড়ী পৌর কমিটির সভাপতি শশী আক্তার ২০২১ সালের ২৩ নভেম্বর রাজবাড়ী আদালতে মামলাটি দায়ের করেন। তিনি একজন ছাত্রী। তার বাড়ি শহরের পুলিশ লাইনস এলাকায়।

আদালত সূত্রে জানা গেছে, মামলার পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দেন। সম্প্রতি পিবিআই তদন্ত শেষে সত্যতা পাওয়া গেছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে।

বাদীপক্ষের আইনজীবী শেখ মো. মেহেদী হাসান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন বিবাদী (জাহাঙ্গীর)। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃত করেছেন। বিবাদী মুক্তিযুদ্ধের শহিদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন। এতে সমাজে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে। এসব কারণে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন বাদী।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালতের বিচারক সুমন হোসেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ৫০০/৫০৪ ধারায় অভিযোগ আমলে নিয়ে আগামী ২৫ অক্টোবর রাজবাড়ীর আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২১ সালে গোপনে ধারণ করা সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং দলীয় সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.