জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

রবিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আয়োজনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বানও জানান তিনি।
মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা ও বিশ্বাস আছে আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবো। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার।
তিনি আরো বলেন, আন্দোলন অনেক হয়েছে। এবার সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা ব্যবস্থা চালু করা প্রয়োজন যাতে আর সহিংসতার পথে যেতে না হয়৷
সবকিছুতে বিরোধিতার মানসিকতা. থেকে বিরোধীদলকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদি বিরাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ থেকে বেরিয়ে আসতে বড় ধরনের বিপ্লবের প্রয়োজন। এত স্বল্প সময়ে ১৬ বছরের অপকর্ম থেকে জাতিকে শোধরানো সম্ভব নয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনইসির সভাপতি ও ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, আবার যাতে দেশে কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে জন্য জাতিকে সার্বক্ষণিকভাবে সজাগ রাখার জন্য ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠিত হয়েছে। সম্পাদকদের নতুন এই সংগঠনে ঢাকা ছাড়াও দেশে প্রত্যন্ত অঞ্চলের সম্পাদকেরা সমান গুরুত্ব পাবেন বলে উল্লেখ করেন মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, বিগত ফ্যাসিবাদকে দেশছাড়া করতে সবচেয়ে বেশি অবদান রয়েছে জুলাই শহীদদের। কিন্তু দেশে কোনো জুলাই শহীদ চত্বর নেই। শেখ হাসিনার পতন দিবসে শ্রদ্ধা নিবেদন করার মতো জাতীয় কোনো স্থাপনা নেই। তিনি সরকারের কাছে আহ্বান জানান, যাতে একটি জুলাই শহীদ চত্বর গড়ে তোলা হয়। পাশাপাশি গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান তিনি।
ঢাকা টাইমসের শহীদ সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম পপি বলেন, তার স্বামী হত্যার দুই বছর পার হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তিনি হাসান মেহেদী হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে বিগত দিনে তিনি দেখেছেন, গণমাধ্যম যদি ফ্যাসিস্টের তাবেদারি না করত, তাহলে শেখ হাসিনা খুনি হওয়ার সাহস করতেন না। জুলাই শহীদদের হত্যার বিচার ত্বরান্বিত করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। গণমাধ্যম যাতে নতুন কোনো ক্ষমতার তাবেদারি না করে, সে জন্য তিনি সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



