মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বর্তমান সরকার নিয়মতান্ত্রিকভাবে সব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং ‘জুলাই সনদে’ অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহিদ দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সকালে টাঙ্গাইল জেলা হ্যাপি মাঠ স্মৃতিচত্বরে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা প্রশাসক শরিফা হক। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে। সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। বিভিন্ন ঘটনার বিচার কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে এবং তা ধারাবাহিকভাবে সম্পন্ন হবে। বাংলাদেশকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব। গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছেন, সেই সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, সরকার অনিয়ম দূর করে নিয়মতান্ত্রিকভাবে সব ঘটনার তদন্ত ও বিচার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। জুলাই আন্দোলনের শহিদরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ করেছেন, সেই গণতন্ত্র যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত অভিযোগপত্র দাখিল এবং শহিদ ও আহত পরিবারের পাশে কার্যকরভাবে দাঁড়ানোর দাবি জানান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের সদস্য, জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



