ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ভারতীয় নাগরিক জসিম উদ্দিন ভারতের হুগলী জেলার পান্ডুয়া থানার বাটিকা গ্রামের বাসিন্দা। তিনি নাসির উদ্দীনের ছেলে। তার কাছ থেকে আধার কার্ড, ভারতীয় পাসপোর্ট, পরিচয়পত্র এবং ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।
আটক বাংলাদেশিদের মধ্যে রয়েছেন—খুলনার তেলখাদা উপজেলার রবিউল ইসলাম (২৮), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সগির ফকির (২৭), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রাসেল (৩৭), গোপালগঞ্জ সদর উপজেলার সুমন গোলদার (২০), বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার অশোক কুমার মণ্ডল (৫২), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শামীম (৪৬) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিত্তরঞ্জন বিশ্বাস (৩৯)। এছাড়া আটক অপর তিনজনের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে।
বিজিবি জানায়, রোববার সকাল থেকে মহেশপুর ব্যাটালিয়নের আওতাধীন বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও কুসুমপুর বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। বিকেলে বাঘাডাঙ্গা এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ভারতীয় নাগরিক জসিম উদ্দিনকে আটক করা হয়। একই সময়ে পলিয়ানপুর বিওপির অভিযানে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশুসহ চারজনকে আটক করা হয়।
অপরদিকে, কুসুমপুর বিওপির সদস্যরা পেপুলবাড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে আরও ছয় বাংলাদেশিকে আটক করে। পরে আটক ১১ জনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


