
জুমবাংলা ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নাম পাঠানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রয়াত সাংসদ হাসিবুর রহমান স্বপনের স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না। জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নাম পাঠাবেন। জনগণের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতি করতে হবে। নিজের ভাগ্যোন্নয়নের জন্য নয়। অনেকেই ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে যান, যা মোটেই কাম্য নয়। ক্ষমতার অপব্যবহার করবেন না।
রাজনীতিতে ভালো মানুষদের সঙ্গে রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, খারাপ মানুষ দিয়ে রাজনীতি করলে দল নষ্ট হয়ে যাবে। দুঃসময়ে বসন্তের কোকিলরা দলে থাকবে না।ত্যাগীরাই সুখে-দুঃখে দলের পাশে থাকবে। তাই সৎ ও ভালো মানুষদের দলে টানতে হবে। সেতুমন্ত্রী প্রয়াত হাসিবুর রহমান স্বপনকে সফল রাজনীতিবিদ আখ্যায়িত করে বলেন, একজন নির্লোভ নিরহংকার নেতা ও জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন স্বপন। এসময় তার আত্মার শান্তি কামনা করেন এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


