টি–টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করা আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে বিশ্বকাপের সূচিতেও কোনো পরিবর্তন আসছে না এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ম্যাচ শ্রীলংকায় সরিয়ে নেওয়ার দাবি ওঠায় সূচি পরিবর্তনের আলোচনা তৈরি হলেও সবশেষ আইসিসি সভা শেষে সেই সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত আইসিসির সভায় চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে পূর্ণ সদস্য দেশের ১৬ বোর্ড পরিচালক অংশ নেন। সভা শেষে বাংলাদেশকে ভারতেই খেলার বিষয়ে নিজেদের অবস্থান জানাতে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে আইসিসি জানায়, ভেন্যু ও সূচি নির্ধারণের সিদ্ধান্ত বস্তুনিষ্ঠ নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন, আয়োজক দেশের দেওয়া নিশ্চয়তা এবং টুর্নামেন্টে অংশগ্রহণের স্বীকৃত শর্তাবলির ওপর ভিত্তি করে নেওয়া হয়, যা অংশগ্রহণকারী ২০টি দেশের জন্য সমানভাবে প্রযোজ্য। বাংলাদেশের নিরাপত্তাকে বস্তুগতভাবে বিঘ্নিত করতে পারে—এমন কোনো স্বতন্ত্র নিরাপত্তা ঝুঁকি না থাকায় ফিক্সচার স্থানান্তর সম্ভব নয় বলে জানায় সংস্থাটি।
আইসিসি আরও উল্লেখ করে, ভেন্যু পরিবর্তন করলে অন্যান্য দল ও দর্শকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে, যা আইসিসির শাসনব্যবস্থার নিরপেক্ষতা, ন্যায্যতা ও অখণ্ডতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থ রক্ষায় ধারাবাহিক মান বজায় রেখে সরল বিশ্বাসে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সংস্থাটি।
সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। একই ভেন্যু কলকাতায় ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। পরে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


