
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের আবহে ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই দেশটির নির্বাসিত নেতা ও সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভী এক জোরালো অবস্থান নিলেন। টেক্সাসে অনুষ্ঠিত রক্ষণশীলদের বার্ষিক সম্মেলন ‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স’ (সিপিএসি)-এ অংশ নিয়ে তিনি ইরানে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সময় শনিবার আয়োজিত এই সমাবেশে রেজা পাহলভী উপস্থিত দর্শকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কি কল্পনা করতে পারেন, ইরান ‘ডেথ টু আমেরিকা’ বা ‘আমেরিকার মৃত্যু হোক’—এই স্লোগান থেকে সরে এসে ‘গড ব্লেস আমেরিকা’ বা ‘ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুন’—এমন অবস্থানে বদলে যেতে পারে?
ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি সমর্থন জানিয়ে ইরানি সরকারের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে না যাওয়ার আহ্বান জানান। ট্রাম্পের নির্বাচনী স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর আদলে রেজা পাহলভী ঘোষণা করেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন আমেরিকাকে মহান করছেন, তিনিও একইভাবে ‘মেক ইরান গ্রেট এগেইন’ বা ইরানকে আবার মহান করে গড়ে তুলবেন। তার এই আহ্বানে উপস্থিত রক্ষণশীলরা দাঁড়িয়ে করতালি দিয়ে উষ্ণ অভিবাদন জানান।
ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের আজ এক মাস পূর্ণ হলো। এই সংঘাতের ভয়াবহতায় এখন পর্যন্ত ইরানে অন্তত ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। যুদ্ধের উত্তাপ ইরানের সীমানা পেরিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


