পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। সম্ভাব্য ঈদের দিন আগামী ২৮ মে ধরে আজ থেকে শুরু হচ্ছে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম।

আজ বুধবার (১৩ মে) প্রথম দিনে ২৩ মে’র ট্রেনযাত্রার আসনের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সূচি অনুযায়ী, বুধবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট ধাপে ধাপে অগ্রিম বিক্রি করা হবে। এর মধ্যে ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া এসব অগ্রিম টিকিট রিফান্ডযোগ্য হবে না।
যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলেও জানিয়েছে রেলওয়ে।
এ দিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


