Advertisement
জুমবাংলা ডেস্ক : মেয়র তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্যকে তাদের ব্যক্তিগত বক্তব্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করে তিনি বলেন, এখানে দলের কোনো কিছু নেই।

অপরদিকে নোয়াখালীতে মির্জা কাদেরের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘এমন বক্তব্য আমাদের দলে এর আগেও বহুজন দিয়েছেন। আমাদের দলে মুক্তভাবে কথা বলার অধিকার আছে, সেটিরই বহিপ্রকাশ হচ্ছে মির্জা কাদের সাহেবের বক্তব্য।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ঘরে বাইরে কারো নিরাপত্তা নেই’ এ মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যারা পেট্রোল বোমায় মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে এবং হাতে রক্ত ও আগুন নিয়ে মানুষকে প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে, তারা যখন নিরাপত্তাহীনতার কথা বলে তখন মানুষ আতঙ্কিত হয়। মানুষ ভাবে, আবার কোনো পেট্রোল বোমা ধেয়ে আসছে কি না!’

মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ জানাবো যে, মানুষকে জিম্মি করা, মানুষের ওপর হামলা করার রাজনীতি বন্ধ করুন। যদি পরিসংখ্যান নেন তাহলে দেখতে পাবেন, তারা যখন ক্ষমতায় ছিল সেই সময় জননিরাপত্তা যতটুকু ছিল বাংলাদেশে তারচেয়ে আজকে অনেক ভালো জননিরাপত্তা আছে।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ড. হাছান বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালিরা স্বাধীনতা পেয়েছে। আর ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করলেও প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে ১০ জানুয়ারি। কারণ পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে ১০ জানুয়ারি যদি তিনি বাংলাদেশে ফিরে আসতে না পারতেন, তাহলে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বটাকে কতটুকু রক্ষা করতে পারতাম, সেই প্রশ্ন আমার মনে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদ ক্যাপিটল হিলের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ক্যাপিটল হিলের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইতিহাসের জন্য কলঙ্ক। তবে এতোকিছুর পরও সেখানে যৌথ অধিবেশনের মাধ্যমে নির্বাচনের ফলকেই সেখানকার সংসদ অর্থাৎ কংগ্রেস এবং সিনেট অনুমোদন দিয়েছে। অর্থাৎ সেখানে এতো কিছুর পরও গণতন্ত্রের বিজয় হয়েছে।’

সেইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে ড. হাছান বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী দেশ এবং বাংলাদেশের উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ভূমিকা আছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.