
একটা সময়ে জাতীয় দলের ওপেনিং পজিশনে ব্যাটিং করতেন জহুরুল। ২০১০ সালের মার্চ থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত ৭টি টেস্ট, ১৪টি ওয়ানডে আর ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন অমি। তবে পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাবে বাদ পড়ে যান তিনি।
আগামী মাসে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট ও আফগান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পের জন্য ঘোষিত ৩৫ সদস্যের প্রাথমিক দলে ফেরানো হয়েছে জহুরুল ইসলামকে। হয়ত তামিম ইকবালের পরিবর্তে অমিকে খেলানো হতে পারে।

আজ মিরপুরে সাংবাদিকদের জহুরুল বলেন, ‘তামিম অনেক বড় মাপের খেলোয়াড়। তার শূন্যস্থান পূরণ করাটা কঠিন। তবে এরপরও এটি বড় সুযোগ সাদমান, ইমরুল, সৌম্য ও আমার জন্য। যাদেরই সুযোগ দেবে, টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় সংস্করণ। এখানে ভালো করা গেলে সব সংস্করণেই ভালো করা সহজ। আমি বলব যেহেতু তামিম নেই, যে-ই সুযোগ পাবে তার জন্য এটি একটি বড় সুযোগ।’
৬ বছর পর জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে সুযোগ পেলেন জহুরুল। আগে ১৫ সদস্যের দলে জায়গা পেতে হবে, তারপর তো একাদশ। খুব কঠিন পথ পাড়ি দিতে হবে তা ভালো করেই জানেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। তবে মূল দলে সুযোগ পাওয়ার স্বপ্নটাও দেখছেন তিনি, ‘চেষ্টা করছি দিন দিন আরও উন্নতি করতে এবং ফিটনেস নিয়ে কাজ করতে। বাকিটা নির্বাচকদের ব্যাপার। তাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে নেবে। আর সুযোগ পেলে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



