সিলেটে একটি অনুষ্ঠানে এক বক্তব্যেই মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন করে আলোচনায় এসেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে প্রায় তিন মিনিটের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় প্রতিটি বাক্যেই তিনি মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন।
ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে মন্তব্য করছেন। আবার কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলছেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
এ বিষয়ে সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল এশিয়া পোস্টকে বলেন, ‘তিন মিনিটের বক্তব্যে ‘স্যার’ শব্দটি বারবার বলা কোনো উদ্দেশ্যপ্রণোদিত নয়। এটি আমার দীর্ঘদিনের অভ্যাস এবং শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ। আমি সবসময় সিনিয়র ও অগ্রজদের প্রতি সম্মান জানিয়ে এভাবেই সম্বোধন করি।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি আরও বলেন, ‘বক্তব্য দেওয়ার সময় অভ্যাসবশত ‘স্যার’ শব্দটি বেশি এসেছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কে কী বলছেন, সেটি তাদের বিষয়। তবে আমার উদ্দেশ্য ছিল কেবল বিনয়ের সঙ্গে একজন সিনিয়রকে সম্মান জানানো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



