Advertisement
জুমবাংলা ডেস্ক : সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রিতে অপারগতা প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন বাজারে আগাম ঘোষণা ছাড়াই গরুর মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।

ব্রাহ্মণবাড়িয়া শহরে দুইদিন ধরে গরুর মাংস বিক্রি বন্ধ থাকার পর মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর থেকে খাগড়াছড়িতেও গরুর মাংস বিক্রি বন্ধ হয়।

সরেজমিনে ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের ৬৬৪ টাকা ৩৯ পয়সা কেজি দরে গরুর মাংস বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, খামার বা ব্যাপারিদের কাছ থেকে প্রতি কেজি গরুর মাংস চামড়াসহ ৭২০ টাকা দরে কিনতে হচ্ছে।

খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রয় করে ৭৫০ টাকা। কম দামে মাংস বিক্রি করা সম্ভব নয় তাই ব্যবসায়ীরা সকাল থেকে জেলা শহরের বাজারগুলোতে গরুর মাংস বিক্রি বন্ধ রেখেছেন।

মাংস ব্যবসায়ী মোঃ জাকির হোসেন বলেন, আমরা জনগণের চাহিদা ও ক্রয় ক্ষমতার কথা চিন্তা করেই মাংস বিক্রি করে থাকি। সরকার আমাদের যে বাজার দর দিয়েছে এ দামে মাংস বিক্রি করলে লোকসান হবে। তাই আমরা গরুর মাংস বিক্রি বন্ধ রেখেছি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের মাংস বিক্রি কার্যক্রম বন্ধ থাকবে।

আরেক মাংস ব্যবসায়ী শাহিন মিয়া বলেন, আমরা লোকসানে ব্যবসা করতে পারব না। সরকার গরুর মাংসের যে দাম নির্ধারণ করে দিয়েছে, সে দরে মাংস বিক্রি করলে আমাদের লোকসান হবে। লোকসান দিয়ে তো আর ব্যবসা সম্ভব না। তাই সকাল থেকে আমরা মাংস বিক্রি বন্ধ রেখেছি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা মাংস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীরা খামারি এবং ব্যাপারি থেকে গরু সংগ্রহ করে থাকে। তারা চামড়াসহ আস্ত গরু ক্রয় করে বাজারে জবাই করে থাকেন। এতে ৭২০ টাকা প্রতি কেজিতে দাম পড়ে। সরকার ৬৬৪ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করেছে। ব্রাহ্মণবাড়িয়া বাজারের ক্ষেত্রে এ দাম প্রযোজ্য হবে না। অবশ্যই দাম সমন্বয় করতে হবে। দাম পুনরায় নির্ধারণ করতে হবে। অন্যথায় এই মাংসের বাজার বন্ধ রাখা ছাড়া আমাদের উপায় নেই।

এদিকে খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। প্রশাসনকেও জানানো হয়েছে।

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে গত শুক্রবার ডাল, ডিম, মাংস, পেঁয়াজসহ ২৯ পণ্যের দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু বেশিরভাগ ব্যবসায়ীই সেটি মানছেন না।

ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে আগে থেকেই সতর্ক থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.