যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় সময় সন্ধ্যায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাই হয়ে মরদেহটি আগামী শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়াটি তদারকি করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি। এ সময় কনসাল জেনারেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
এ ঘটনায় নিহত অপর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও একইভাবে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দুই শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।
এর আগে গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। এরপর বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
নিহত নাহিদা সুলতানার জানাজা বৃহস্পতিবার বাদ জোহর ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদ-এ অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর শিক্ষার্থী, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
এদিকে, পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আসন্ন বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে।
এ বিষয়ে গত ৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানায়। চিঠিতে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের অনুরোধ করা হয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধি ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


