
জুমবাংলা ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের স্বার্থে সব ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নৌকার বিদ্রোহী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। ইউপি নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে থেকে একজোট হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, দলের সুবিধা গ্রহণ করবেন। আবার সেই দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেবেন বিরোধিতা করবেন, এটা মেনে নেওয়া হবে না। কেউ যদি এমনটা করে তাকে দলের সব সুযোগসুবিধা থেকে বঞ্চিত করার সঙ্গে বহিষ্কার করা হবে। গতকাল শনিবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। নব্দীগঞ্জে অপু মুনশি হিমাগার ফাউন্ডেশন মিলনায়তনে জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
টিপু মুনশি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা থাকা দরকার। এখন বিভেদ ভুলে যেতে হবে। এলাকার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন নৌকা মার্কার জয়মানে উন্নয়নের জয়। মনোনয়ন বঞ্চিতদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকের মনে মনোনয়ন নিয়ে দুঃখ কষ্ট থাকতে পারে। কিন্তু আমরা সবাই তো দলের ও দেশের জন্যই কাজ করি। তাই দেশের স্বার্থে সব ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় পীরগাছা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সম্পাদক রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, দফতর সম্পাদক আমিন আনছারী, পীরগাছা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন প্রমূখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


