cng-20191015151728

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগরীতে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা, রাইড শেয়ারিং ও পুলিশি হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন। ১৭ অক্টোবর পর্যন্ত এ ধর্মঘট চলবে। তবে ধর্মঘটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধিকাংশ সিএনজিচালক আজ সকাল থেকেই রাস্তায় বের হয়েছেন। তবে অন্যদিনের তুলনায় সিএনজি ভাড়া অতিরিক্ত চাচ্ছেন চালকরা।

অতিরিক্ত ভাড়া গুনতে গিয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ধানমন্ডির জিগাতলা, সায়েন্সল্যাব, শাহবাগ, মৎস্য ভবন, পল্টন, মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে এ চিত্র দেখা গেছে।

জিগাতলার পোস্ট অফিসের গলিতে প্রতিদিনই যাত্রীর অপেক্ষায় কয়েকটি সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আজ সকালেও তিন-চারটি সিএনজি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আমিনুল ইসলাম নামের এক সিএনজি অটোরিকশা চালকের কাছে যাত্রী সেজে এ প্রতিবেদক জানতে চান, তিনি মতিঝিল যাবেন কি না। তিনি যাবেন বলে জানান। ভাড়া কত জানতে চাইলে বলেন, ২৫০ টাকা। এত ভাড়া কেন- এমন প্রশ্নের উত্তরে আমিনুল বলেন, ‘খুব জ্যাম, তাই ভাড়া একটু বেশি।’ অথচ ঝিগাতলা থেকে মতিঝিলের সাধারণ ভাড়া ১০০-১৫০ টাকা।

আমাদের কথোপকথনের মাঝেই পাশে দাঁড়িয়ে থাকা অন্য একজন বলে উঠলেন, আজ সিএনজি ধর্মঘট চলছে, তাই রাস্তায় সিএনজি কম। ফলে ভাড়া বেশি চাচ্ছে চালকরা। আজ ধর্মঘট, তাহলে আপনি সিএনজি চালাচ্ছেন কেন- জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘কামলার আবার ধর্মঘট। আগে পেটের খাবার জোগাড় করতে হবে।’

সিটি কলেজের সামনে থেকে অফিসের কাজে গুলশান-১ যাওয়ার জন্য সিএনজির খোঁজ করছিলেন সাগর নামের একজন বেসরকারি কর্মকতা। কত টাকায় যাবেন জানতে চাইলে সিএনজিচালক বলেন, ৪০০ টাকা। পরে তিনি বাধ্য হয়ে ২৫০ টাকা ভাড়ায় ওই সিএনজি ভাড়া করেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘এখন প্রতিটি সিএনজিতে প্রাইভেট লিখে রেখেছে; তাই মিটারে যাওয়ার কোনো সিস্টেমই নেই। আজ ধর্মঘটের জন্য ভাড়ায় নৈরাজ্য চলছে।’

তবে আশার কথা হচ্ছে, ৯ দফা দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট পালনের পর আবারও গাড়ি চালানো শুরু করেছেন চালকরা। বাংলাদেশের রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশনের এক সদস্য সাইফুর রহমান। তিনি বলেন, ‘আমরা আজ সকাল থেকেই আবার মোটরসাইকেল চালানো শুরু করেছি। ফলে আজ থেকে সাধারণ মানুষ রাইড শেয়ারিংয়ের সুযোগ পাচ্ছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.