
আবেগে আপ্লুত ধোনিও টুইটারে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। দীর্ঘ চিঠির একটি অংশে প্রধানমন্ত্রী ধোনির উদ্দেশে লেখেন, ‘শুধু ক্যারিয়ারের সংখ্যাতত্ত্ব আর ম্যাচ জেতার হিসেব দিয়ে এমএস ধোনির নাম মনে রাখা হবে না। নিছক ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে দেখলেও আপনার প্রতি সুবিচার করা হয় না। আপনার অবদানকে এক বিশেষ ফেনোমেনন হিসেবে দেখাটাই ঠিক হবে।’ ধোনির উত্থান নিয়ে সে চিঠিতে মোদী লেখেন, ‘এক ছোট শহর থেকে জাতীয় স্তরে উত্থান আপনার নামের সঙ্গে সঙ্গে দেশকেও গৌরবান্বিত করেছে। তারপর থেকেই আপনার উত্থান এবং আপনার ক্রিয়াকলাপ দেশের কোটি কোটি যুবকের কাছে প্রেরণা হয়ে দাঁড়ায়। যারা আপনার মতোই কোনও অভিজাত স্কুল-কলেজে পড়েনি, পারিবারিক আভিজাত্যও নেই, কিন্তু প্রতিভা রয়েছে, যার মাধ্যমে তারা নিজেদের সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারে। নতুন ভারতীয় সত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ আপনি, যেখানে পারিবারিক পরিচিতি নয়, নিজেদের পরিচয়েই নিজেদের অভীষ্টকে গড়ে নিতে পারে তরুণ সমাজ।’ মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইটবার্তায় ধোনি লেখেন, ’একজন শিল্পী, সৈনিক অথবা খেলোয়াড় এটুকু স্বীকৃতির জন্যই কাজ করেন যে, তাদের কঠোর শ্রম আর আত্মত্যাগ প্রত্যেকের নজরে আসছে এবং তার মূল্যায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার মূল্যায়ন ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



